
অল ক্রাইমস.টিভি ডেস্ক
বরিশালের বিভিন্ন হাসপাতালে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে ২০২৬) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই পরিদর্শনে হাসপাতালের অব্যবস্থাপনা ও জনবল সংকটে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং দায়িত্ব অবহেলার দায়ে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী বরিশাল জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) গিয়ে ডায়ালাইসিস টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন। তিনি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ এবং দালালচক্রের দৌরাত্ম্য দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিষ্কার করার এবং দালালদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে আটকের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও বহির্বিভাগে চিকিৎসকদের দেরিতে আসা এবং চিকিৎসা সেবার নিম্নমান নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী।
দেশের বর্তমান হাম পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০ সালের পর থেকে নিয়মিত টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে সরকার দ্রুত টিকা সংগ্রহ করেছে এবং বর্তমানে আক্রান্তের সংখ্যা কমছে। এরপর তিনি আমানতগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শন করেন এবং জানান যে, আগামী ৩-৪ মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। শেষে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং ঘোষণা দেন যে, স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে যাতে স্থানীয় পর্যায়ে তদারকি বৃদ্ধি পায়।





