অনেক সরকারি কোম্পানি বেসরকারি খাতে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের অনেক সরকারি প্রতিষ্ঠান হাজার হাজার বিঘা জমি ব্যবহার না করে পড়ে আছে। এসব প্রতিষ্ঠান আগামী দুই বছরের মধ্যে ধাপে ধাপে বেসরকারি মালিকানায় ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘আন্তর্জাতিক ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৩৮ থেকে ৪০টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর প্রত্যেকটির দখলে বিপুল পরিমাণ জমি আছে। অনেক ক্ষেত্রে কয়েক হাজার বিঘা থেকে শুরু করে সাড়ে তিন হাজার একর পর্যন্ত জমি ব্যবহৃত হচ্ছে না। একইভাবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনেও আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোরও বিশাল জমি অলসভাবে পড়ে আছে।

তিনি বলেন, এসব সরকারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লোকসানে চলছে এবং সরকারের ওপর বড় ধরনের ভর্তুকির চাপ তৈরি করছে। তাই ধাপে ধাপে এসব প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছাড় দেওয়া হবে এবং অলস সম্পদকে উৎপাদন ও কর্মসংস্থানের কাজে লাগানো হবে।

মন্ত্রী আরও বলেন, অনেক সুগার মিলসহ একাধিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জায়গা অপচয় হচ্ছে, অথচ সেখানে বহু নতুন শিল্প স্থাপন করা সম্ভব। ভবিষ্যতে জমির ব্যবহার ও আয়ের সক্ষমতা বিবেচনা করে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, সরকারি সেবা প্রাপ্তিতে জটিল প্রক্রিয়া রয়েছে, যা সহজ করতে একটি একক প্ল্যাটফর্ম তৈরি করা হবে। পাশাপাশি উৎপাদন ব্যয় কমানো ও শিল্প খাতকে প্রতিযোগিতামূলক করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্যাকেজিং শিল্প শুধু মোড়ক নয়, বরং রপ্তানি ও ব্র্যান্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি খাত। এই খাতকে প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করতে হলে মাননিয়ন্ত্রণ ও রিসাইক্লিং ব্যবস্থায় গুরুত্ব দিতে হবে।

আয়োজকরা জানান, দেশে বর্তমানে হাজার হাজার শিল্প ইউনিট রয়েছে এবং এই খাত লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। বৈশ্বিক বাজারে সুযোগ বাড়লে বাংলাদেশের জন্য বড় রপ্তানি সম্ভাবনা তৈরি হবে।

এক্সপোতে প্যাকেজিং প্রযুক্তি, কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে, যা দেশের শিল্পখাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন