
অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী।
সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে একটি দূরপাল্লার ট্রেন ধাক্কা দিলে সংঘর্ষটি ঘটে। এতে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত দৃশ্যে দেখা গেছে, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনছেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থার মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।





