চাঁপাইনবাবগঞ্জে ৬ কোটি ৮০ লাখ টাকার মাদক জব্দ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে ৬ কোটি ৮০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নিজ বাড়ি থেকে জয়নাল টুলু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে। র‍্যাবের জিজ্ঞাসাবাদে জয়নাল টুলু তার বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন বের করে দেন, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মোয়াজ্জেম হোসেন জানান, এই ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে জেলার ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের একটি আমবাগানে পৃথক অভিযান চালায় বিজিবি। চামুচা বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৮/১ এস সংলগ্ন এলাকায় অবস্থান নিলে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা, ১৯ হাজার ৪৫০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫৪টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন