
অল ক্রাইমস. টিভি ডেস্ক
হামসহ অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, সরকারি পর্যায়ে শিশুদের টিকা ও সিরিঞ্জের সংকট তৈরি হয়েছে, যার কারণে হামের প্রকোপ বেড়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
আরও বলা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায়িত্ব রয়েছে বলে বিভিন্ন মহল ও বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমে মতামত প্রকাশ করেছেন।
এছাড়া আবেদনে উল্লেখ করা হয়, বর্তমান সরকারও দাবি করছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকা ও সিরিঞ্জের ঘাটতির পেছনে পূর্ববর্তী সরকারের সময়ের অনিয়ম ও অব্যবস্থাপনা দায়ী হতে পারে।





