
অল ক্রাইমস.টিভি ডেস্ক
এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার নিরাপত্তা জোরদারে কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে। এছাড়া ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, স্কুলের বাইরে কোচিং করালে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে স্কুলের ভেতরে কোচিং পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষ নির্ধারিত সম্মানীর ব্যবস্থা করতে পারবে।
খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত স্যাম্পলিং করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে পাশের হার শূন্য হলেও শুধু এ কারণে এমপিও বাতিল করা হবে না বলে তিনি স্পষ্ট করেন।
সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। এসময় উপস্থিত শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।





