
অল ক্রাইমস. টিভি ডেস্ক
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম দিনের যাত্রা, অর্থাৎ ২৩ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে আজ থেকেই। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
বুধবার সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে টানা পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করা হবে। আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র যাত্রার টিকিট। ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র যাত্রার টিকিট। ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র যাত্রার টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে ঈদ উপলক্ষ্যে অগ্রিম কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
অন্যদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।





