
অল ক্রাইমস.টিভি ডেস্ক
বিগত ১৮ বছর ধরে পদবঞ্চনা, বৈষম্য এবং মানসিক নির্যাতনের শিকার হয়েও নিজের রাজনৈতিক আদর্শে অটল ছিলেন বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। আজ সোমবার (১১ মে ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীর্ঘ ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পাওয়ায় ডিআইজি রেজাউল করিম মল্লিক গর্ব প্রকাশ করেন এবং এটিকে তার জীবনের অন্যতম ‘সুন্দরতম প্রাপ্তি’ হিসেবে অভিহিত করেন।
নিজের রাজনৈতিক সম্পৃক্ততা ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই কারণে ১৯৯৮ সালে তৎকালীন সরকারের আমলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। প্রায় সাড়ে চার বছর বেকার থাকার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি পুনরায় চাকরিতে ফিরতে সক্ষম হন। এছাড়াও তিনি শৈশবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিজ হাতে ধানের শীষের মালা পরিয়ে বরণ করার স্মৃতি এবং তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্যের কথা আবেগাপ্লুত হয়ে বর্ণনা করেন। তিনি স্পষ্ট করে বলেন, শত প্রতিকূলতা ও বঞ্চনার মধ্যেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি।





