
অল ক্রাইমস.টিভি ডেস্ক
আলিয়া মাদ্রাসার ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিগগিরই সারাদেশে ১৩ হাজারের বেশি সহকারী মৌলভী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এতে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশনায় কো-চেয়ারম্যান শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারি)’ ও ‘ইবতেদায়ি কারি’ পদে মোট ১৩ হাজারের বেশি নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী মৌলভী পদে আবেদন করতে দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ডের ইলমে কেরাত বা হিফজুল কুরআনের সনদ জমা দিতে হবে।
জাতীয় বেতন স্কেল অনুযায়ী সহকারী মৌলভী পদের বেতন গ্রেড ১০ এবং ইবতেদায়ি কারি পদের বেতন গ্রেড ১৬ নির্ধারণ করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, সামাজিক মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধি এবং মাদ্রাসাবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির বিষয়েও আলোচনা হয়।
সভায় বিভিন্ন কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধি ও আল-হাইআতুল উলয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





