প্যারিসে জমকালো বিয়েতে নতুন জীবনের শুরু নিমরা খানের

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পাকিস্তানি অভিনেত্রী নিমরা খান তার দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক ঘরোয়া ও রোমান্টিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন তিনি। সেই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে দেখা যায়, প্যারিসের নান্দনিক পরিবেশে এক স্নিগ্ধ ও সিনেমাটিক বিয়ের আয়োজন। নববধূর সাজে নিমরা খান বেছে নিয়েছিলেন রোজ পিঙ্ক রঙের স্লিভলেস ড্রেস। এর সঙ্গে ব্রিটিশ স্টাইলের ফ্যাসিনেটর টুপি তার লুকে যোগ করে ভিন্নমাত্রার আভিজাত্য।

তবে বিয়ের এই আনন্দঘন মুহূর্তে স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। ছবিতে স্বামীর মুখ আড়াল রাখা হয়েছে, এমনকি তার নামও গোপন রাখা হয়েছে। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েই এই নতুন পথচলা শুরু করলেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় নিমরা খান লেখেন, আল্লাহর নামে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি ভক্তদের দোয়া কামনা করে বলেন, জীবনে কঠিন সময়ের পরও আল্লাহ স্বস্তি ও মঙ্গল দান করেন—এটাই তার অভিজ্ঞতা।

এর আগে ২০২০ সালে যুক্তরাজ্য প্রবাসী রাজা আজমকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সম্পর্ক টেকেনি। পরবর্তীতে পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে যান এই অভিনেত্রী।

নতুন বিয়ের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনায় ভাসছেন নিমরা খান। ভক্তরা তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন