
অল ক্রাইমস. টিভি ডেস্ক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গুজব ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে আফরোজা আব্বাস এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেন। তিনি জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।
এর আগে তার একান্ত সহকারী সচিব জানান, চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন বসতে ও অল্প কথা বলতে পারছেন এবং নিয়মিত থেরাপি চলছে।
পরবর্তীতে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার শারীরিক সক্ষমতা পুরোপুরি ফেরাতে এখন নিবিড় পুনর্বাসন প্রয়োজন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।





