
অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে—“আজ হোক বা ৫০ বছর পরে হোক”।
রোববার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি অভিযোগ করেন, হামলায় অংশ নেওয়া ও উস্কানি দেওয়া ব্যক্তিদের কেউই দায়মুক্তি পাবে না। তার ভাষায়, “যারা এই হামলায় জড়িত ছিলেন, পরিকল্পনা করেছেন বা উস্কানি দিয়েছেন—প্রত্যেককে সময়ের ব্যবধানে হলেও বিচারের মুখোমুখি করা হবে।”
তিনি আরও বলেন, হামলার শিকার হলেও তাদের আন্দোলন ও প্রতিবাদ থেমে থাকবে না। ভবিষ্যৎ প্রজন্মও এই ঘটনার কথা বলবে এবং ন্যায়বিচারের দাবি অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
ডাকসু নেতা অভিযোগ করে বলেন, যারা হামলায় জড়িত ছিল তারা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে উল্লাস করেছে, যা তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা বা প্রভাবশালীরা হামলার শিকারদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন।
এই ঘটনার পেছনের প্রেক্ষাপট হিসেবে জানা যায়, ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগ ওঠে। সেই পোস্টকে ভুয়া দাবি করে শাহবাগ থানায় জিডি করতে যান ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। পরে সেখানে উপস্থিত হলে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটে।





