
অল ক্রাইমস.টিভি ডেস্ক
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় কমিটির শীর্ষ নেতাসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি কায় কিসলু।
মামলায় জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা, ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. মনির হোসেন এবং সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির অন্যান্য সদস্যদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার ৩৯ সদস্যের নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২১ এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ওই কমিটির নেতারা সমবেত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভমঙ্গল চাকমার নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘটনার পরদিন খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে মামলা দায়ের করেন।





