
অল ক্রাইমস.টিভি ডেস্ক
শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের সেশনজট কমাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বর মাসেই নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষাও আগাম নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই শেষ করতে চাই। একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।”
শিক্ষামন্ত্রী ব্যাখ্যা করেন, বর্তমানে পরীক্ষার সময়সূচি ও ভর্তি প্রক্রিয়ার মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হচ্ছে, যার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, গত বছর এইচএসসি পরীক্ষা জুনের শেষে শুরু হয়ে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ হয়, আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরের বছরের জানুয়ারিতে। এতে প্রায় এক বছরের মতো সময় কেবল ভর্তি প্রক্রিয়ায় ব্যয় হয়ে যাচ্ছে।
এই প্রেক্ষাপটে তিনি বলেন, “আমরা চাই সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা হোক, এরপর দ্রুত ফল প্রকাশ করে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হোক। কোনো ধরনের বড় গ্যাপ যেন না থাকে।” তার মতে, এই সমন্বয় করা গেলে শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট হবে না এবং কোচিং নির্ভরতা কমবে।
মন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হলো—দুই বছরের পড়াশোনা দুই বছরেই শেষ করা এবং এক বছরের কোর্স এক বছরেই সম্পন্ন করা। “সেশনজট যেন না হয়, সেই অনুযায়ী আমরা পুরো শিক্ষাব্যবস্থাকে সমন্বয় করার চেষ্টা করছি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “ডিসেম্বরকে আমরা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরতে চাই। এর মধ্যে সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া হবে, তারপর ফলাফল ও ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।” এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে একটি সামগ্রিক সময়সূচি তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।





