১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

গ্যাস সংকটের মধ্যেও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থিত জিয়া ফার্টিলাইজার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস সরবরাহ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী এই ঘোষণা দেন। রুমিন ফারহানা বলেন, দীর্ঘদিন ধরে গ্যাসের অভাবে আশুগঞ্জের সার কারখানাটি বন্ধ রয়েছে, ফলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

জবাবে মন্ত্রী বলেন, সার কারখানায় গ্যাস সরবরাহ দিলে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়বে। তবুও দেশের কৃষি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার উৎপাদন অব্যাহত রাখা জরুরি।

মন্ত্রী আরও বলেন, ২০১৬ সাল থেকে দেশে গ্যাস সংকট তীব্র হতে শুরু করে এবং বর্তমানে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় সরকার শিল্পকারখানাগুলোতে উৎপাদন সচল রাখতে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, নতুন গ্যাস অনুসন্ধানে যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় দেশকে আমদানিনির্ভর হতে হয়েছে। এ খাতে নেওয়া বিভিন্ন নীতির কারণে বড় অঙ্কের বকেয়া দায়ও তৈরি হয়েছে।

তিনি জানান, সরকার এখন দেশীয় উৎস থেকে গ্যাস আহরণে জোর দিচ্ছে এবং এ লক্ষ্যে বাপেক্স-কে শক্তিশালী করে নতুন অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও পরিত্যক্ত কূপ পুনরুদ্ধারের মাধ্যমে ভবিষ্যতে সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন