
নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
অবরোধে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কণ্ঠে শোনা গেছে— “রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না”, “অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” ইত্যাদি।
আন্দোলনকারীরা বলছেন, জুলাই সনদ এখনও ঘোষণা না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। বহুবার দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
তাদের ভাষায়, জুলাই সনদ কোনো অনুরোধ নয়, এটি তাদের অধিকার। তারা চান, এই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হোক।
তারা বলেন, “আমরা শুধু গাছে ফুল নয়, হাতে ফল নিয়েই ঘরে ফিরতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
এদিকে অবরোধের কারণে শাহবাগ থেকে টিএসসি, মৎস্যভবন ও কাটাবনমুখী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। তবে জরুরি অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দিচ্ছেন আন্দোলনকারীরা।
নিরাপত্তা রক্ষায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
গত ২৮ জুলাই জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া পাঠায় বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে। খসড়ায় বলা হয়, যেসব প্রস্তাবে ঐকমত্য হবে, সেগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে।
তবে জামায়াত ও এনসিপি খসড়ায় আপত্তি জানিয়েছে। আজই আলোচনার দ্বিতীয় পর্ব শেষে সনদটি চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন।
Published: July 31, 2025 | 12:30 PM





