সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলো বাংলাদেশ পুলিশ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বন্ধুপ্রতিম রাষ্ট্র ইতালির কারিগরি ও কৌশলগত সহযোগিতা কামনা করা হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানী ঢাকার পল্টনে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্সে (পুলিশ সদরদপ্তর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। পুলিশ সদরদপ্তরের এক অফিশিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের নবনিযুক্ত আইজিপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে চলমান দ্বিপাক্ষিক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে আন্তর্জাতিক অপরাধের অংশ হিসেবে পরিচিত অনিয়মিত অভিবাসন বা অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাত্রা রোধ, মানবপাচার, বিভিন্ন চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত বৈশ্বিক বিষয়ে দুই দেশের যৌথ সক্ষমতা বাড়াতে পারস্পরিক কৌশলগত সহযোগিতার গভীর আগ্রহ প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত।

বৈঠককালে আইজিপি মো. আলী হোসেন ফকির বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধের কথা উল্লেখ করে সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য ইতালির আধুনিক প্রযুক্তিগত সহায়তা কামনা করেন। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষায়িত বিষয়ে আন্তর্জাতিক মানের উন্নত প্রশিক্ষণ সহযোগিতা চাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। আইজিপি দুই দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত সমন্বয় আরও জোরদার করার তাগিদ দেন এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠককালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন