
অল ক্রাইমস. টিভি ডেস্ক
অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করে গেছে, যার ফলে বর্তমান সরকার একটি সংকটপূর্ণ অবস্থায় দায়িত্ব নিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খরিপ–১ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের উপকরণ বিতরণ করা হচ্ছে।
মন্ত্রী দাবি করেন, অতীত সরকারের সময়ে অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে বর্তমান সরকার একটি দুর্বল ভিত্তি থেকে কাজ শুরু করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, সীমিত সম্পদ ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং প্রশাসনিক ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি জানান, সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের পথে আরও এগিয়ে নেওয়া এবং দুর্নীতিমুক্ত একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা।
এ সময় তিনি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ স্থানীয় কৃষক ও খামারিরা।





