
বাংলাদেশে জ্বালানি তেল ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বাস্তব সংকটের চেয়ে মানুষের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার এক স্পষ্ট প্রতিফলন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে অনিশ্চয়তা, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ তৈরি করেছে। সেই প্রভাবের ঢেউ বাংলাদেশেও এসে পৌঁছেছে, তবে তা সরবরাহ ব্যবস্থার ভাঙনের মাধ্যমে নয়, আতঙ্ক ও গুজবের মাধ্যমে।
সরকারি তথ্য, ডিপো পর্যায়ের মজুত এবং আমদানি পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সচল আছে। ডিজেল, অকটেন ও পেট্রোলের বর্তমান মজুত এবং আগত চালানের পরিমাণ বিবেচনায় নিলে তাৎক্ষণিক কোনো ঘাটতির আশঙ্কা দৃশ্যমান নয়। বরং যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ডিপোগুলো প্রতিদিন খোলা রেখে সরবরাহ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যা প্রশাসনের প্রস্তুতি ও সতর্কতার পরিচায়ক।
তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন বার্তা দেয়। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ সারি, অতিরিক্ত চাহিদা এবং কিছু ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ এ সংকটকে জটিল করে তুলছে। মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছে, কেউ কেউ দিনে একাধিকবার তেল নিচ্ছে, আবার এমন প্রবণতাও দেখা যাচ্ছে—যেখানে গ্যাসচালিত যানবাহনও তেল নিতে ছুটছে। এর ফলে সরবরাহের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে, যা সাময়িক অস্বস্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, তথ্যের অভাব ও বিভ্রান্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য বা অসম্পূর্ণ তথ্য সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে। সে ভয় থেকেই তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। বাস্তবে যেখানে সরবরাহ স্বাভাবিক, সেখানে মানুষের আচরণই বাজারকে অস্থির করে তুলছে। এটি অর্থনীতির পরিচিত একটি চিত্র, যেখানে প্রত্যাশা ও আতঙ্ক চাহিদাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় এবং বাজারে ভারসাম্য নষ্ট করে।
কিছু ক্ষেত্রে আংশিক সরবরাহ সমস্যাও দেখা যাচ্ছে, বিশেষ করে অকটেনের ক্ষেত্রে। নির্দিষ্ট কিছু পাম্পে সীমিত সরবরাহের কারণে দ্রুত ফুরিয়ে যাচ্ছে জ্বালানি, যা সাধারণ মানুষের কাছে বড় সংকটের ইঙ্গিত হিসেবে প্রতিভাত হচ্ছে। অথচ সামগ্রিক চিত্রে তা কোনো গভীর সংকট নয়; বরং সরবরাহ বণ্টনের সাময়িক অসামঞ্জস্য।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব যেমন রয়েছে, তেমনি নাগরিক সচেতনতারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রথমত, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছানো জরুরি। গুজব প্রতিরোধে কার্যকর যোগাযোগ কৌশল গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিতভাবে প্রকাশ করলে মানুষের আস্থা বাড়বে। তৃতীয়ত, অপ্রয়োজনীয় মজুত বা অতিরিক্ত ক্রয়ের প্রবণতা নিরুৎসাহিত করতে প্রশাসনিক নজরদারি জোরদার করা প্রয়োজন।
সবচেয়ে বড় কথা, এ পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে, সংকট কেবল বাস্তব ঘাটতি থেকে জন্ম নেয় না, মানুষের আচরণও একটি বড় নির্ধারক। জ্বালানি তেলের ক্ষেত্রে বর্তমান চিত্র সেই সত্যেরই প্রতিফলন। তাই এ মুহূর্তে প্রয়োজন আতঙ্ক নয়, সচেতনতা; গুজব নয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত।
বাংলাদেশের জ্বালানি খাত আপাতত স্থিতিশীল রয়েছে। এ স্থিতিশীলতা ধরে রাখতে হলে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি জনসচেতনতা ও দায়িত্বশীল আচরণই হবে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা।





