
অল ক্রাইমস.টিভি ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গতকাল বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে অংশ নেবেন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
আজ বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে অনুষ্ঠিত ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির বৈঠকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সংযুক্তিকরণসহ ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে সদস্য রাষ্ট্রগুলো তাদের অবস্থান সমন্বয় করবে এবং সম্ভাব্য করণীয় নির্ধারণ করবে।
সম্প্রতি ইসরাইল পশ্চিম তীরের কিছু জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করে বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





