
অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সচিব ও গভর্নরের ভূমিকা এক নয়। সচিব সরকারের নীতি বাস্তবায়ন করেন, কিন্তু গভর্নরের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রয়োজনে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
ডা. জারা প্রশ্ন তোলেন—নতুন গভর্নর সরকারের সঙ্গে ভিন্নমত হলে তা প্রকাশ করতে পারবেন কি না, তিনি ব্যবসায়িক সম্পৃক্ততা পুরোপুরি ত্যাগ করেছেন কি না, খেলাপি ঋণ সংকটে কার্যকর পদক্ষেপ নেবেন কি না, সুদের হার ও মুদ্রানীতিতে ধারাবাহিকতা থাকবে কি না এবং টাকার মান বাজারভিত্তিক রাখা হবে কি না।
উল্লেখ্য, বুধবার সরকার গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।





