
অল ক্রাইমস.টিভি ডেস্ক
ফরিদপুরের মধুখালীতে স্ত্রী মীরা আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মোস্তফা কামাল (৪২)কে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার প্রায় ১৩ বছর পর এবং রায় ঘোষণার দেড় বছর পর তাকে আটক করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্প ও র্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ ডিসেম্বর মীরা আক্তারকে গলা টিপে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত মোস্তফা কামাল ও তার সহযোগী মজিদ মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় মজিদ আদালতে উপস্থিত থাকলেও মোস্তফা পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বিবরণে জানা যায়, প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে করেন মোস্তফা ও মীরা। পরে স্ত্রীকে বাড়িতে না তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ২০১২ সালের ২৮ ডিসেম্বর মধুখালীর মাঝকান্দি এলাকায় বন্ধুর সহায়তায় মীরাকে হত্যা করেন মোস্তফা। ২০১৩ সালের ১ জানুয়ারি অজ্ঞাত লাশ হিসেবে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মধুখালী থানার ওসি মো. তাইজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে র্যাব আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





