
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করেন।
পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খানের পাঠানো এক বার্তায় বলা হয়, শুক্রবার রাতে অনুষ্ঠিত ওই টেলিফোন আলাপে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে বিএনপির জোরালো বিজয়ের জন্য “আন্তরিক শুভেচ্ছা” জানান শাহবাজ শরিফ। তিনি শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।
বার্তায় আরও বলা হয়, দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্র—বিশেষ করে বাণিজ্য, শান্তি ও আঞ্চলিক উন্নয়ন—এ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলাপে দুই নেতা সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বিএনপি চেয়ারম্যানও এ আমন্ত্রণের প্রতিউত্তর দেন বলে জানান ফাসিহ উল্লাহ খান।
এর আগে দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় শাহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানান। সেখানে তিনি লেখেন, “বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের ঐতিহাসিক ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আগ্রহী।”





