
নিজস্ব প্রতিবেদক
বাংলায় নজিরবিহীন টুইটের পর এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি নিজেই বিষয়টি জানান। তিনি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের সংসদীয় নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মোদির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উভয় দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে মোদি এক্সে বাংলায় অভিনন্দন বার্তা প্রকাশ করেন। এর প্রায় এক ঘণ্টা আগে একই বার্তা তিনি ইংরেজিতে পোস্ট করেছিলেন।
বাংলা বার্তায় তিনি লেখেন, বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। এই ফলাফল তাঁর নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন





