
অল ক্রাইমস.টিভি ডেস্ক
কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন—এমন অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁকে তলব করে আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গণে কমিটির অস্থায়ী কার্যালয়ে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুমের কাছে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেন মঞ্জুরুল আহসান। এর আগে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হয়।
শুনানি শেষে তাঁর আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ দাবি করেন, ভাইরাল হওয়া বক্তব্য তাঁর মক্কেল দেননি এবং আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। প্রয়োজন হলে ভিডিওটি ফরেনসিক পরীক্ষারও দাবি জানান তিনি। কমিটি লিখিত ও মৌখিক বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী সময়ে আদেশ দেবে।
উল্লেখ্য, প্রার্থিতা বাতিল হওয়ার পর কুমিল্লা–৪ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। বিতর্কিত মন্তব্যের ঘটনায় মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।





