একা অটোরিকশায় ভোট চাইছেন রাজশাহী-৩ আসনের নারী স্বতন্ত্র প্রার্থী হাবিবা

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ভাঙাচোরা হুডের একটি অটোরিকশায় চড়ে একাই ভোট চাইছেন মোছা. হাবিবা বেগম। করুণ দৃষ্টিতে পথচারীদের হাতে প্রচারপত্র তুলে দিয়ে ভোট চাওয়া এই নারী রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর একমাত্র নারী প্রার্থী তিনি।

রোববার বেলা দুইটার পর পবা উপজেলার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়ার ফেততার মোড়ে তাঁর সঙ্গে দেখা যায়। এর আগে মোটরসাইকেলে প্রচারে বের হলেও হেলমেট না থাকায় ভ্রাম্যমাণ আদালত তাঁর স্বামীর চালানো বাইক আটক করে। পরে বিভিন্ন দপ্তরে ঘুরেও গাড়িটি ছাড়াতে না পেরে বাধ্য হয়ে অটোরিকশায় একা প্রচার শুরু করেন তিনি।

হাবিবা জানান, প্রতীক পেতে ছয় দিন দেরি হওয়ায় প্রচারে পিছিয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। “স্বতন্ত্র গন্ধ পেলেই সমস্যা,” বলেন তিনি।

এর আগে তিনি মোহনপুর উপজেলার সংরক্ষিত নারী আসনের সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে অপসারণ করা হয়। এরপরই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। চাঁদা না দেওয়ায় তাঁর একমাত্র আয়ের উৎস চায়ের দোকান ভেঙে দেওয়ার অভিযোগও করেন হাবিবা।

দামকুড়া বাজারসহ বিভিন্ন এলাকায় একাই ভোটারদের কাছে গিয়ে প্রচার চালাতে দেখা যায় তাঁকে। নারী ভোটারদের বোঝাতে সময় নিচ্ছেন, দিচ্ছেন প্রচারপত্র। তাঁর অটোরিকশাটি রাত আটটা পর্যন্ত ৮০০ টাকায় ভাড়া নেওয়া।

হাবিবা জানান, তাঁর সঙ্গে কেউ প্রচারে নামলেই আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে। সমর্থকদের ঝামেলা হতে পারে—এই আশঙ্কায় একাই প্রচারণা চালাচ্ছেন তিনি।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন