সিলেট-১ আসনে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বিএনপির দাবি

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

সিলেট-১ (মহানগর ও নগর) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ করেছে বিএনপি। শেয়ার ও ঋণ–সংক্রান্ত তথ্য তিনি প্রকাশ করেননি বলে দাবি দলটির।

রোববার বিকেলে নগরের কাজীটুলা উঁচাসড়কে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, আরজেএসসির ফর্ম-১২ অনুযায়ী হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার হলেও এ তথ্য নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়নি। পাশাপাশি ইবনে সিনা হাসপাতালের প্রায় ২৪ কোটি টাকার অনাদায়ী ঋণের বিষয়টিও গোপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া শাহজালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের সিলেট শাখায় বড় অঙ্কের ঋণ থাকার তথ্য প্রকাশ না করার অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিএনপি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে মহানগর জামায়াতের আমির ও ১১-দলীয় জোটের সিলেট মহানগর সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী নিজেই বড় অঙ্কের ঋণখেলাপি। জনগণকে বিভ্রান্ত করতে এসব অভিযোগ তোলা হচ্ছে। এ বিষয়ে শিগগির লিখিত বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন