ত্রয়োদশ সংসদ নির্বাচন: রোববার থেকে মাঠে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এসময় সারাদেশে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই প্রস্তুত ছিল, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মোতায়েন শুরু হবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন তারা দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্যও পাচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং ভোটগ্রহণের জন্য সহায়ক পরিবেশ বিরাজ করছে। সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে, প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, নির্বাচন উপলক্ষে পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। মোট প্রায় ৯ লাখ সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ সদস্য ভোটকেন্দ্রে দায়িত্বে থাকবেন।

১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচার শেষ করতে হবে। নির্বাচন ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

এবারের সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৯ জন প্রার্থী। প্রায় ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন