আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব

0
Macca Kabe

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের আগমনের কয়েক মাস আগেই সেবার মান নিশ্চিত ও প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করতেই আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয় ২০২৫ সালের ৮ জুন থেকে। এ সময় বিশ্বজুড়ে হজ কার্যক্রম তদারককারী দপ্তরগুলোকে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়।

হজ দপ্তরগুলোর জন্য ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মে আবাসন, তাঁবু ও অন্যান্য সেবাসংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আবাসন ও মূল সেবার প্রস্তুতিমূলক চুক্তি শুরু হয় ১৪৪৭ হিজরি সালের ১ রবিউল আউয়াল থেকে।

মন্ত্রণালয় জানায়, ভিসা ইস্যুর কাজ মার্চের মধ্যে শেষ হবে এবং আগামী ১৮ এপ্রিল (১ জিলকদ) থেকে হজযাত্রীদের প্রথম দল সৌদি আরবে পৌঁছাতে শুরু করবে।

এদিকে, বিদেশি হজযাত্রীদের জন্য সব আবাসন ও সেবাসংক্রান্ত চুক্তি ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ হজযাত্রী নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৩০ হাজার জন নিজ দেশ থেকেই প্যাকেজ বুক করেছেন।

হজযাত্রীদের নিরাপদ ও সম্মানজনকভাবে পবিত্র হজ পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন