
অল ক্রাইমস.টিভি ডেস্ক
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতি কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল উপমার ব্যবহার। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত উপমার মাধ্যমে তিনি জটিল ধর্মীয় ও নৈতিক বিষয় সহজভাবে মানুষের কাছে তুলে ধরতেন। এতে সাধারণ মানুষ খুব দ্রুত বিষয়গুলোর গভীরতা অনুধাবন করতে পারত।
এ বিষয়ে নবীজি (সা.) বৃষ্টির পানির উপমা দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাঁকে যে হেদায়েত ও জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, তা প্রবল বৃষ্টির মতো—যা বিভিন্ন ধরনের জমিতে পড়লে ভিন্ন ভিন্ন ফল দেয়। উর্বর জমি পানি শুষে নিয়ে ফসল ফলায়, শক্ত জমি পানি ধরে রেখে মানুষ ও পশুকে উপকৃত করে, আর অনুর্বর জমি না পানি ধরে রাখতে পারে, না ফসল উৎপাদন করে।
এই উপমার মাধ্যমে তিনি মানুষের তিন শ্রেণির কথা তুলে ধরেছেন। একদল মানুষ গভীরভাবে চিন্তা করে জ্ঞান অর্জন করে ও অন্যকে শেখায়। আরেক দল জ্ঞান ধারণ করে, তবে গভীরতা অনুধাবনে সীমাবদ্ধ থাকে। তবে যারা অজ্ঞ ও অহংকারী, তারা হেদায়েত ও জ্ঞান—কোনোটিই গ্রহণ করতে পারে না।
বৃষ্টি ও মাটির এই উপমা দিয়ে নবীজি (সা.) মানুষের মানসিকতা ও জ্ঞান গ্রহণের সক্ষমতা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। (সহিহ বুখারি, হাদিস ৭৯; সহিহ মুসলিম, হাদিস ২২৮২)





