
অল ক্রাইমস.টিভি ডেস্ক
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত, যা শবে বরাত নামে অধিক পরিচিত। হিজরি শাবান মাসের মধ্যরাতে পালিত এ মহিমান্বিত রাতকে মুসলিমরা মুক্তি, ক্ষমা ও কল্যাণের রাত হিসেবে বিবেচনা করেন। ‘শবে বরাত’ ফারসি শব্দবন্ধ, যার অর্থ মুক্তির রাত; আরবিতে একে বলা হয় ‘লাইলাতুল বরাত’।
হাদিসে এ রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বলা হয়েছে। বর্ণনায় এসেছে, এ রাতে আল্লাহ তাআলা শিরককারী ও হিংসা-বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সকল বান্দাকে ক্ষমা করেন। তাই মুসলিমরা এ রাতে নফল ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় মগ্ন থাকেন। অনেকেই এ রাতের আগে ও পরে নফল রোজা পালন করে থাকেন।
উপমহাদেশের মুসলিম সমাজে শবে বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে উদযাপিত হয়। এটি পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শবে বরাতের প্রায় ১৫ দিন পর শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।
এ বছর শবে বরাত এসেছে এমন এক সময়ে, যখন দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন–পরবর্তী জাতীয় জীবনে স্বস্তি ফিরে আসার প্রত্যাশা করছেন মানুষ। একই সঙ্গে গাজায় চলমান সহিংসতায় নিহত নিরীহ মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছেন ধর্মপ্রাণ মুসলিমরা।
এদিকে রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ রয়েছে। সীমিত আয়ের মানুষের স্বার্থে বাজার নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সব ধরনের অনাচার ও সংকট থেকে দেশ ও বিশ্বমানবতার মুক্তি এবং সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।





