
অল ক্রাইমস.টিভি ডেস্ক
পৃথিবীর প্রথম প্রোগ্রামার হিসেবে পরিচিত ইংরেজ গণিতবিদ আডা লাভলেসের কয়েকটি ভঙ্গুর ও দুর্লভ আলোকচিত্র স্থায়ীভাবে যুক্ত হয়েছে ব্রিটেনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির সংগ্রহে। দীর্ঘদিন ব্যক্তিগত মালিকানায় থাকা ছবিগুলো সম্প্রতি একটি বেসরকারি বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করেছে গ্যালারিটি।
গ্যালারি কর্তৃপক্ষ জানায়, এই আলোকচিত্রগুলো আডা লাভলেসের অগ্রগামী কাজকে সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ছবিগুলো ড্যাগ্যুরোটাইপ পদ্ধতিতে তৈরি, যা রূপার প্রলেপযুক্ত তামার পাতের ওপর ধারণ করা হতো। অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এগুলো আলো ও আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখা হচ্ছে এবং গবেষণার জন্য ডিজিটাল সংস্করণ তৈরি করা হচ্ছে।
১৮১৫ সালে জন্ম নেওয়া আডা লাভলেস চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করে ইতিহাসে জায়গা করে নেন। ১৮৪৩ সালে তিনি এই যন্ত্রের জন্য একটি ধাপে ধাপে গণনার নির্দেশনা লিখেছিলেন, যা বিশ্বের প্রথম অ্যালগরিদম হিসেবে স্বীকৃত। তাঁর কাজই আধুনিক কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।
ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা আডা লাভলেস ১৮৫২ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।





