
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালিতে শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে সেনা অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেনা সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি বিশেষ ইউনিট গতকাল শুক্রবার ভোর রাতে শহীদ হাসান আলী লেনে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আলাউদ্দিন আলা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে গেলেও সেনারা তার দুই সন্তান মো. শাওন ও মো. সাগরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পরে বাড়ি তল্লাশি চালিয়ে আলাউদ্দিন আলার স্ত্রী নাজমা বেগমসকেও আটক করা হয়।
অভিযানে যুক্তরাষ্ট্রে নির্মিত দুটি আধুনিক পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র, বোমা তৈরির স্প্রিন্টার, ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। পলাতক আসামি আলাউদ্দিন আলাকে গ্রেফতারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।





