
নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন লেখক ও বামপন্থি রাজনীতিক বদরুদ্দীন উমর, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তারা কবে ট্রাইব্যুনালে হাজির হবেন, তা নির্ধারণ হবে তাদের সঙ্গে আলোচনা করেই।
রোববার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর জবানবন্দি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য বাদে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। ইতিমধ্যে এ মামলায় নয়জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। রবিবার দুপুরে সাক্ষ্য দেন আব্দুস সামাদ, মো. মিজান মিয়া ও নাইম শিকদার। পরে বিকেলে আরও একজন সাক্ষ্য দেন। সোমবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে।
কবে নাগাদ সাক্ষ্যগ্রহণ শেষ হবে জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল বলেন, সেপ্টেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। তবে প্রয়োজন হলে তা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।
আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরই মধ্যে আবদুল্লাহ আল-মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান এখনো পলাতক।





